Frostas | The Coolest Side of the Internet

চোরের মেলায় একদিন

রেজওয়ান সাহেবদের বাসায় আজ চোর ধরা পড়েছে। খবরটা ছড়িয়ে পড়তেই পুরো এলাকাজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে গেল। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে শুধু এক ঝলক চোরটাকে দেখার জন্য। সবার সাথে আমিও যাচ্ছি। এক জনের বিপদে আরেক জন না গেলে আমরা কেমন প্রতিবেশী? রেজওয়ান সাহেবদের বাসার যত কাছে যাচ্ছি, মানুষের ভিড় তত বাড়ছে। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি, উঠানে যেন রীতিমতো মেলা বসে গেছে। এক পাশে রঙবেরঙের দোকান, কেউ খাবার বিক্রি করছে, কেউ খেলনা। সাথে সাপের খেলা আর জাদু। আরেক পাশে কিছু লোক চেয়ার পেতে বসে আছে। কেউ তাদের ছোটবেলার চোর ধরার গল্প শোনাচ্ছে, কেউ আবার চুরি বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করছে। এক কোণায় একটা রুমের সামনে লম্বা লাইন দেখতে পেলাম। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এটা কিসের লাইন? জানানো হলো, যারা চোরটাকে একটু হাতে ছুঁয়ে দেখতে চায়, তারা এই লাইনে দাঁড়িয়েছে। রেজওয়ান সাহেব চোরটাকে ওই রুমে আটকে রেখেছেন। আর রুমের সামনে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। একজন করে ভেতরে ঢোকে, দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর বের হলে পরের জন ঢোকে। লাইন ধীরে ধীরে এগোচ্ছে। যারা ভেতর থেকে বের হচ্ছে, তাদেরকে বাইরে দাঁড়ানো মানুষ নানান প্রশ্ন করছে, পিঠ চাপড়ে বাহবা দিচ্ছে। তাদের চোখে-মুখে এক ধরনের অদ্ভুত তৃপ্তি স্পষ্ট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সময় এলো। রেজওয়ান সাহেব আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। বললেন, “আপনার সময় এক মিনিট।” আমি বললাম, “মাননীয় স্পিকার, একটু সময় বাড়িয়ে দিন।” তিনি বললেন, “সম্ভব না।” সময় কম, তাই দৌড়ে গেলাম চোরটার কাছে। দেখি খালি গায়ে চোরটা মরে যাওয়ার ভান করে পড়ে আছে। শালা জাত অভিনেতা! আমি ওর বুকে পারা দিয়ে জিজ্ঞাস করলাম, “বল, আর কত মানুষের তুই সর্বনাশ করেছিস?” কোনো উত্তর নেই। চুপচাপ পড়ে আছে। মেজাজ খারাপ হয়ে গেল। শুরু করলাম লাথি, কিল, ঘুষি—যা পারি। কিছুক্ষণ পর রেজওয়ান সাহেব বললেন, “সময় শেষ।” বুঝলাম আর বেশি সময় নেই, তাই গতি আরও বাড়ালাম। শেষে তিনি WWE রেফারির মতো আমাকে টেনে সরিয়ে দিলেন। তখনও আমার হাত-পা চলছেই। রুম থেকে বের হতেই আরেকজন ঢুকে পড়ল। বাইরে বের হতেই আমি রাতারাতি সেলিব্রিটি। নানা বয়সের মানুষ আমার দিকে ছুটে আসছে। ভেতরে কী করলাম জানতে চাইছে, পিঠ চাপড়ে প্রশংসা করছে। মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দেশ আর সমাজের জন্য কিছু করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।

Comments

2 comments | 192 views

Anon
1 month ago

Who ever write this is a genius 😂

Replying to: #2986
530
JamalBox
1 month ago
ধন্যবাদ।
Replying to: #530